মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: কফি আনান
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে। এ জন্য মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে নিজের বক্তব্য উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
কফি আনান বলেন, এ শরণার্থী সংকট নিরসনে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে অবশ্যই মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের সঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য, এ সংকট নিরসনে মিয়ানমার সরকারের আমন্ত্রণে গঠিত একটি পরামর্শ কমিশনের নেতৃত্ব দেন তিনি।
এ ব্যাপারে নিরাপত্তা পরিষদ মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনায় রাখলেও কূটনীতিকরা জানান, মিয়ানমারের সাবেক জান্তা সরকারের সমর্থক চীন ও রাশিয়া এমন পদক্ষেপ গ্রহণের বিরোধিতা করছে।
নিরাপত্তা পরিষদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর আনান সাংবাদিকদের বলেন, 'আমি এমন এক প্রস্তাব গ্রহণের আহ্বান জানাচ্ছি যার ফলে শরণার্থীদের সম্মানজনকভাবে ফেরত নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার বাধ্য হয়।'
তিনি বলেন, 'তাদেরকে কোনো ক্যাম্পে ফিরিয়ে নেওয়া উচিত হবে না। পুনর্বাসনে তাদেরকে সহযোগিতা করতে হবে।'
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর ব্যাপক দমনপীড়নের কারণে গত ২৫ আগস্ট থেকে দেশটির ৫ লাখেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ রোহিঙ্গা মুসলিমের ওপর সামরিক বাহিনীন এ দমনপীড়নকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করে এর কঠোর নিন্দা জানায়।

Comments
Post a Comment