এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি: অ্যাটর্নি জেনারেল
সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা এক মাসের ছুটিতে যেতে চাইছেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার। খোলার পরই বিচারপতি সিনহাকে অপসারণের দাবিতে আন্দোলনের হুমকি রয়েছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের।
তার আগেই মঙ্গলবার থেকে ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে বিচারপতি সিনহার আবেদনের কথাটি প্রকাশ পেল।
অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি যতদূর জানি, উনি (বিচারপতি সিনহা) আগামীকাল থেকে ছুটিতে যাবেন।”
বিচারপতি সিনহা ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. ওয়াহহাব মিয়া।
বিচারপতি সিনহার চাকরির আরও তিন মাস বাকি আছে। আগামী জানুয়ারি পর্যন্ত রয়েছে তার চাকরির মেয়াদ।

Comments
Post a Comment